নির্বাচনের ফল চ্যালেঞ্জের ঘোষণা নেতানিয়াহুর দলের
ইসরায়েলের সাধারণ নির্বাচনে পরাজয়ের পর আরব দলগুলোর বিরুদ্ধে অবৈধভাবে ভোটারদের গতিবিধি নজরদারির অভিযোগ তুলে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ।
দলটির অভিযোগ, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে ভোটারদের গতিবিধি নজরদারি করেছে আরব দলগুলো।
এর ফলে ভোটার উপস্থিতি বেড়েছে এবং নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে ১৭ নভেম্বরের মধ্যে জেরুজালেম জেলা আদালতে আপিল করবে লিকুদ।
তবে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা ‘সিভিলিয়ান ইলেকশন গার্ড’ জানিয়েছে, নিষিদ্ধ এই ধরনের অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেছেন লিকুদ পার্টির কর্মীরাই। এ ছাড়া নির্বাচন ঘিরে চলমান দুটি বড় জালিয়াতির তদন্তও প্রমাণের অভাবে প্রায় ভেস্তে গেছে।
নির্বাচন কমিশন অভিযোগগুলো আমলে না নিয়ে ফলাফল চূড়ান্ত করেছে। এরপর ফলাফল প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে জমা দেওয়া হয়েছে।
পার্লামেন্টের ৬৭ জন সদস্যের সমর্থন পাওয়ায় বিরোধী দল ‘য়াশার’-এর নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন রয়েছে মাত্র ৪৬ জনের।