সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদক সংশ্লিষ্ট অর্থপাচারের বিরুদ্ধে তৎপর ডিএনসি, ৪ মামলায় শতকোটি টাকার লেনদেনের তথ্য

আতাউল্লাহ পলাশ • 09 নভেম্বর 2026, 07:09 সকাল • 3 বার পঠিত
মাদক সংশ্লিষ্ট অর্থপাচারের বিরুদ্ধে তৎপর ডিএনসি, ৪ মামলায় শতকোটি টাকার লেনদেনের তথ্য

মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত অর্থপাচারবিরোধী অভিযান জোরদার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সংস্থাটির অনুসন্ধানে এ পর্যন্ত চারটি মামলায় প্রায় ১০০ কোটি ৩৯ লাখ টাকার সন্দেহজনক অবৈধ আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য উঠে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএনসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চারটি মামলায় দাখিল করা অভিযোগপত্রে মোট ১০০ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৪০০ টাকার সন্দেহজনক অবৈধ আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য নথিভুক্ত করা হয়েছে।

২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে দায়ের করা মামলাগুলো এখন বিচারপর্যায়ে পৌঁছেছে। ফলে বিপুল অঙ্কের এসব আর্থিক লেনদেনের বিষয়টি এখন বিচারিক পর্যালোচনার আওতায় এসেছে।

উল্লেখ্য, এই অর্থের পরিমাণ অভিযোগপত্রে নথিভুক্ত সন্দেহজনক লেনদেন ও সম্পদের হিসাব। এটি ইতোমধ্যে উদ্ধার বা বাজেয়াপ্ত করা অর্থ নয়। অভিযোগগুলোর বিষয়ে বিচারিক সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।

এই চারটি মামলা অর্থপাচারবিরোধী ডিএনসির বৃহত্তর অভিযানের অংশ। এ অভিযানে মোট ৩৬টি অর্থপাচার মামলা ও প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএনসির কর্মকর্তাদের নিশ্চিত করা সরকারি নথি অনুযায়ী, এর মধ্যে পাঁচটি মামলা তদন্তাধীন এবং ২৭টি প্রাথমিক অনুসন্ধানাধীন রয়েছে।

২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ২০১৫ সালে সংশোধন করা হয়।

সন্দেহজনক আর্থিক লেনদেন ও সম্পদ সংশ্লিষ্ট চারটি মামলা হলো— ২০১৮ সালের ১১ জুন দায়ের করা হালিশহর থানার মামলা নম্বর ১২; ২০১৯ সালের ১ মে দায়ের করা পাহাড়তলী থানার মামলা নম্বর ০৩; ২০২২ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা ওয়ারী থানার মামলা নম্বর ০৭ এবং ২০২৩ সালের ১ মার্চ দায়ের করা তাজহাট থানার মামলা নম্বর ০৪।

চট্টগ্রাম, ঢাকা ও রংপুরের বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়। অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাগুলো তদন্তপর্যায় অতিক্রম করে এখন বিচারিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

আদালতে উপস্থাপিত প্রমাণের ওপর নির্ভর করবে মামলাগুলোর চূড়ান্ত ফলাফল। এদিকে, অর্থপাচারের আরও পাঁচটি মামলা তদন্তাধীন রয়েছে, যার মধ্যে চারটি ২০২৬ সালে দায়ের করা হয়েছে।

মামলাগুলো হলো— ২০২৫ সালের ১ মার্চ দায়ের করা গুলশান থানার মামলা নম্বর ১৪; ২০২৬ সালের ২৬ জানুয়ারি দায়ের করা গোদাগাড়ী থানার মামলা নম্বর ২৫; একই বছরের ৮ ফেব্রুয়ারি দায়ের করা গোদাগাড়ী থানার মামলা নম্বর ০৬; ১৫ মার্চ দায়ের করা ধামইরহাট থানার মামলা নম্বর ২৪ এবং ১৬ জুন দায়ের করা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নম্বর ৩৯।

আনুষ্ঠানিকভাবে দায়ের করা ৯টি মামলার বাইরে সন্দেহজনক অর্থপাচার কার্যক্রম শনাক্ত, সন্দেহজনক লেনদেন চিহ্নিত এবং সম্ভাব্য অবৈধ সম্পদের ধরন ও পরিমাণ নির্ধারণে ডিএনসি ২৭টি প্রাথমিক অনুসন্ধান পরিচালনা করছে।

আর্থিক তদন্ত ক্রমেই জটিল হয়ে ওঠায় প্রস্তাবিত আধুনিকায়ন রূপরেখার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারের পরিকল্পনা করছে ডিএনসি।

এই পরিকল্পনার মধ্যে রয়েছে একটি বিশেষায়িত সাইবার নিরাপত্তা ও অর্থপাচার ইউনিট, একটি ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৃথক প্রসিকিউশন কার্যালয় প্রতিষ্ঠা।

ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম বাসসকে বলেন, প্রযুক্তির সহায়তায় সংঘটিত মাদক পাচার, অবৈধ আর্থিক নেটওয়ার্ক এবং মাদকদ্রব্য-সংশ্লিষ্ট অন্যান্য অপরাধের তদন্ত জোরদার করতেই এসব উদ্যোগের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত রূপরেখায় বিশেষায়িত পাবলিক প্রসিকিউটর নিয়োগ এবং প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারার অধীনে অধিদপ্তরের প্রসিকিউটরদের পাবলিক প্রসিকিউটরের পূর্ণ ক্ষমতা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবিত প্রসিকিউশন কার্যালয়গুলো তদন্তকারী ও প্রসিকিউটরদের মধ্যে সমন্বয় উন্নত করা, আর্থিক ও ডিজিটাল প্রমাণ উপস্থাপন জোরদার করা এবং আদালতের কার্যক্রম দ্রুততর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জনবল ও লজিস্টিকস-সংক্রান্ত সীমাবদ্ধতার মধ্যেই ডিএনসির এই আধুনিকায়ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিএনসির সম্প্রসারিত অর্থপাচারবিরোধী তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য-সংশ্লিষ্ট অপরাধের আর্থিক ভিত্তি ভেঙে দেওয়ার লক্ষ্যে বৃহত্তর আইন প্রয়োগ কৌশলের প্রতিফলন।

অবৈধ অর্থ উপার্জন ও লেনদেনের গতিপথ বের করা, প্রকৃত সুবিধাভোগীকে শনাক্ত করা, সন্দেহজনক লেনদেন চিহ্নিত করা এবং আদালতে গ্রহণযোগ্য আর্থিক প্রমাণ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি—যাতে অপরাধীদের সাজা নিশ্চিত করা যায় এবং তাদের অবৈধ সম্পদ আইনানুযায়ী বাজেয়াপ্ত করা সম্ভব হয়।

চারটি মামলা আদালতে বিচারাধীন, পাঁচটি মামলার তদন্ত চলমান এবং ২৭টি প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম অব্যাহত থাকায় ডিএনসির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো— সম্প্রসারিত অভিযানকে সফল বিচারিক কার্যক্রম ও দৃশ্যমান আইনি ফলাফলে রূপ দেওয়া।

চারটি মামলার অভিযোগপত্রে নথিভুক্ত ১০০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক লেনদেনের তথ্য অর্থপাচারবিরোধী অভিযানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। তবে চূড়ান্ত পরীক্ষা হবে, তদন্তকারীরা আদালতে অভিযোগগুলো প্রমাণ করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ আইনানুগভাবে উদ্ধার বা বাজেয়াপ্ত করতে পারেন কি না।


#জাতীয় #বাসস