বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমায় আগুন, ধরা পড়ল সিসিটিভিতে

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 07:03 সকাল • 3 বার পঠিত
এমপি নুসরাতের বাড়িতে পেট্রোল বোমায় আগুন, ধরা পড়ল সিসিটিভিতে

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমার মাধ্যমে আগুন লাগানো হয়েছে। অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা সিসিটিভির ফুটেজে বাড়ির বাইরে থেকে একাধিক পেট্রোল বোমা নিক্ষেপের মাধ্যমে আগুন লাগানোর দৃশ্য দেখা যায়।

 বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে প্রথম আগুন লাগানো হয়। ওই বাড়িতে বেশ কয়েকটি গবাদিপশুও ছিল।

এর মধ্যে দুইটি ছাগল পুড়ে মারা যায়।নুসরাতের পরিবারের দাবি, রাতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

আগুনে বাড়ির টিনশেড আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে এবং দুটি ছাগলের মৃত্যু হয়েছে।জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে তিনতলা একটি বসবাসের ভবনের পাশেই টিনশেডের একটি ঘর ছিলো।

সেখানে ৮টি কক্ষ ছিলো। সেখানে গবাদিপশু এবং কিছু আসবাবপত্র ছিলো। তবে সেখানে কেউ বসবাস করতো না। নতুন ভবনের তৃতীয় তলায় এমপি নুসরাতের পরিবারের সদস্যরা বসবাস করেন। তবে সেখানে আগুন ছড়ায়নি।নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক বলেন, রাতে বাড়িতে চারটি পেট্রোল বোমা মারা হয়েছে। সিসিটিভি ফুটেজে প্রমাণ রয়েছে। তবে কে বা কারা মেরেছে সেটা চেনা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমরা চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুন জ্বলছে। পরে নিজেরা আগুন নেভানোর জন্য যথাসাধ্য চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বুধবার রাত ১২টার কিছু পরে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শেষ করেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম আগুনের বিষয়টি আমাকে মুঠোফোনে জানালে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এই সময়ের মধ্যে আট কক্ষ বিশিষ্ট টিনশেড বাড়িটির ৫টি কক্ষ আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দুটি ছাগল পুড়ে গেছে। এনসিপি নেত্রীর দাবির সূত্রে ওই বাড়িতে পেট্রোল বোমা চালানো হয়েছে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত ভাবে কথা বলবো।