মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মোহাম্মদ খাইরুল আমিন • 10 নভেম্বর 2026, 06:25 সকাল • 2 বার পঠিত
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতয়েন রয়েছে।

বিজিবি বলছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে।

এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন বলেও বার্তায় বলা হয়েছে।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সম্প্রতি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় আন্দোলনে নামেন পোশাক শ্রমিকরা। এর মধ্যে কোথাও কোথাও পুলিশ ও বহিরাগতদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে সড়কে নামতে দেখা গেছে।

এর মধ্যে গত ৪ নভেম্বর পোশাক খাতের নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করে বলেছে, পোশাক শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে, যা শ্রমিকরা হাতে পাবেন জানুয়ারি মাসে। এরপর পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরি হারের মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।