যা আছে শেখ হাসিনার আইনজীবীর চিঠিতে
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন।
তার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানান।
ওই চিঠির একটি অনুলিপি হাতে পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেখানে সোমবার ৯ নভেম্বরের তারিখ দেওয়া হয়েছে।
ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাওয়েলস সেখানে লিখেছেন, “আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মহামান্য শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে এই চিঠি লিখছি।”
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
রয়টার্স লিখেছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।
ভারপ্রাপ্ত হাই কমিশনারকে লেখা চিঠিতে বলা হয়েছে, “অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার (শেখ হাসিনা) বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবর বিবেচনায় নিয়ে, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
“আমাদের এই অনুরোধটি তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে করা হয়েছে, যা বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত যে কোনো প্রযোজ্য বাধ্যবাধকতার সাথে সঙ্গতিপূর্ণ।”
স্টিভেন পাওয়েলস লিখেছেন, “হাই কমিশন যদি বিষয়টি খতিয়ে দেখে এবং এই আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের অবহিত করে, তবে আমরা কৃতজ্ঞ থাকব।”
দিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রথম আলো লিখেছে, সোমবার সকালে ই–মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হাই কমিশন। মেইল পাওয়ার পরপরই পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বিষয়টিকে দেখছেন শেখ হাসিনা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো সবই ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্ট্যান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, সবই স্ট্যান্টবাজি। শি উইল নট কাম ব্যাক।”
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
বাংলাদেশে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ। জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ হাসিনার মতই ভারতে, না হয় অন্য কোনো দেশে আত্মগোপনে আছেন। আর অনেকে আছেন কারাগারে।
রয়টার্স লিখেছে, আওয়ামী লীগ নেতারা তাদের বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।