কবরের আযাব: এক নীরব মঞ্জিলের সামনে
আজ আপনার দিনটা কেমন গেল? কত কাজ, কত ব্যস্ততা, কত হিসাব-নিকাশ! অথচ এই ব্যস্ততার ভিড়েই একটি দিন আসবে, যেদিন আপনার নামের আগে লেখা হবে “মরহুম”। যে হাত দিয়ে আজ এই লেখা পড়ছেন, সেই হাত কয়েকজন আপনজন ধরাধরি করে খাটিয়ায় তুলবে। যে ঘরটিকে আপনি সারাজীবন সাজিয়েছেন, সেই ঘর থেকে আপনাকে এমনভাবে বের করা হবে, যেভাবে ফেরার পথ আর থাকবে না।
তারপর? তারপর এক টুকরো কাফন, কয়েক হাত মাটি, আর একা আপনি। সঙ্গী-সাথি ফিরে যাবে। জুতার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে যাবে। আর শুরু হবে সেই জীবন, যার নাম বরযখ, যার প্রথম মঞ্জিল কবর।
এটি সত্য, এটি অকাট্য
কবরের আযাব ও কবরের নেয়ামত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মত আকীদা। আল-ফিকহুল আকবার, আল-আকীদাতুত তাহাবিয়্যা, শরহুল আকাইদ সহ সকল আকীদাগ্রন্থে এটি সুস্পষ্টভাবে লিপিবদ্ধ। ইমাম নববী রহ. বলেন,
«مَذْهَبُ أَهْلِ السُّنَّةِ إِثْبَاتُ عَذَابِ الْقَبْرِ، وَقَدْ تَظَاهَرَتْ عَلَيْهِ دَلَائِلُ الْكِتَابِ وَالسُّنَّةِ»
অর্থ : আহলে সুন্নাতের মত হলো, কবরের আযাবকে স্বীকার করা। কুরআন ও সুন্নাহর অসংখ্য দলিল এ বিষয়ে সুপ্রতিষ্ঠিত।-শরহু সহীহ মুসলিম
এটি অদৃশ্য জগতের বিষয়, যার প্রকৃত স্বরূপ আমরা এই দুনিয়ার চোখে দেখি না। কিন্তু না দেখা মানেই না থাকা নয়। বাতাস দেখা যায় না, অথচ তার ছোঁয়া আমরা অনুভব করি। আল্লাহ তায়ালা বলেন,
النَّارُ يُعْرَضُونَ عَلَيْهَا غُدُوًّا وَعَشِيًّا ۖ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ
অর্থ: তাদেরকে সকাল-সন্ধ্যায় আগুনের সামনে পেশ করা হয়। আর যেদিন কিয়ামত কায়েম হবে, (সেদিন বলা হবে) ফিরআউনের অনুসারীদের কঠিনতম আযাবে প্রবেশ করাও। -সূরা মুমিন, ৪৬
লক্ষ্য করুন, কিয়ামতের আযাবের আগেই এক ধরনের আযাবের কথা বলা হলো। হাফেয ইবনে কাসীর রহ. তাঁর তাফসীরে লিখেছেন, এই আয়াত বরযখের আযাব প্রমাণের ক্ষেত্রে আহলুস সুন্নাহর একটি বড় দলীল। মা‘আরিফুল কুরআন-এও মুফতী মুহাম্মদ শফী রহ. এই আয়াত থেকে একই সিদ্ধান্ত বর্ণনা করেছেন।
কুরআন মাজীদের আরেক জায়গায় এসেছে,
يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ
অর্থ: আল্লাহ মুমিনদের সুদৃঢ় বাণীর উপর অবিচল রাখেন দুনিয়ার জীবনে এবং আখিরাতেও।” -সূরা ইবরাহীম, ২৭
বারা ইবনে আযিব রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এই আয়াত কবরের প্রশ্নোত্তর সম্পর্কে নাযিল হয়েছে।-সহীহ বুখারী, হাদীস, ১৩৬৯
ভাবুন তো সেই মুহূর্ত! যখন ভয়ে সব ভাষা হারিয়ে যায়, তখন যে বান্দার মুখ দিয়ে আল্লাহ স্বয়ং “আমার রব আল্লাহ” কথাটি বের করিয়ে দেন, তার ভাগ্যের কথা কে বলতে পারে!
কবরের আযাব থেকে নবীজির পানাহ চাওয়া
কবরের আযাব সম্পর্কে উম্মুল মুমিনীন আয়েশা রা. এর বর্ণনা লক্ষ্য করুন। তিনি বলেন, দুজন ইহুদী নারী আমাকে কবরের আযাবের কথা বললে আমি প্রথমে তা বিশ্বাস করতে দ্বিধা করেছিলাম। পরে রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রা. বলেন, এরপর আমি তাঁকে এমন কোনো নামায পড়তে দেখিনি, যাতে তিনি কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করেননি।-সহীহ বুখারী, ১৩৭২
আরেক হাদীসে আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ নামাজের মধ্যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি দোয়া করতেন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। জীবনের ফিতনা ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমি আপনার কাছে পাপ ও ঋণের বোঝা থেকে আশ্রয় চাই।-সহিহ বুখারি, হাদিস ৮৩২
যে নবী অতীত-ভবিষ্যৎ সব গুনাহ থেকে পবিত্র, তিনি প্রতি নামাযে কবরের আযাব থেকে পানাহ চান! তাহলে আমাদের মতো গুনাহগারের অবস্থা কী হওয়া উচিত?
দুটি গুনাহ যা আমরা ছোট ভাবি
ইবনে আব্বাস রা. বলেন, নবী ﷺ দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। বললেন, এদের দুজনকে শাস্তি দেওয়া হচ্ছে, অথচ বড় কোনো বিষয়ে নয় (অর্থাৎ বাঁচা কঠিন ছিল না)। একজন প্রস্রাব থেকে সতর্ক থাকত না, আরেকজন চোগলখুরি করে বেড়াত। তারপর তিনি একটি কাঁচা খেজুর ডাল দুই ভাগ করে প্রত্যেক কবরে পুঁতে দিলেন। -সহীহ বুখারী, হাদীস ২১৬; সহীহ মুসলিম, হাদীস ২৯২
শিউরে ওঠার মতো কথা! যেসব বিষয়কে আমরা তুচ্ছ ভেবে এড়িয়ে যাই, কবরে সেগুলোই আযাবের কারণ হতে পারে।
কবরের প্রথম দৃশ্য
আনাস রা. বর্ণনা করেন, নবী ﷺ বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সাথীরা ফিরে যায়, তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায়। -সহীহ বুখারী, হাদীস ১৩৩৮; সহীহ মুসলিম, হাদীস ২৮৭০-
হায়! যে মুহূর্তে সবচেয়ে প্রিয়জনেরা মুখ ফিরিয়ে চলে যায়, সেই মুহূর্তেই শুরু হয় আসল পরীক্ষা। তারপর দুজন ফেরেশতা আসেন এবং বসিয়ে প্রশ্ন করেন: “তোমার রব কে? তোমার দ্বীন কী? এই ব্যক্তি (মুহাম্মাদ ﷺ) সম্পর্কে তুমি কী বলতে?”
আরেক হাদীসে মুমিন ও কাফিরের কবরের পূর্ণ চিত্র এসেছে। যেখানে বলা হয়েছে, এই তিন প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিতে পারলে মুমিনের জন্য আকাশ থেকে ঘোষণা হয়, “আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা পাতো, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও।” তখন জান্নাতের সুবাতাস তার কাছে আসতে থাকে এবং তার কবর দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। আর যে বান্দা উত্তর দিতে পারে না, তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয় এবং কবর তার ওপর সংকীর্ণ হয়ে যায়। -সুনানে আবূ দাঊদ, হাদীস ৪৭৫৩;
সকাল-সন্ধ্যার ঠিকানা
ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী ﷺ বলেছেন, তোমাদের কেউ মারা গেলে সকাল-সন্ধ্যায় তার ঠিকানা তার সামনে পেশ করা হয়। সে জান্নাতী হলে জান্নাতের ঠিকানা, জাহান্নামী হলে জাহান্নামের ঠিকানা। আর বলা হয়, এটাই তোমার ঠিকানা, যতক্ষণ না আল্লাহ তোমাকে কিয়ামতের দিন উঠান। -সহীহ বুখারী, হাদীস ১৩৭৯; সহীহ মুসলিম, হাদীস ২৮৬৬
উসমান রা.-এর কান্না
অর্থ: উসমান ইবনে আফফান রা. যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, এত কাঁদতেন যে দাড়ি ভিজে যেত। কেউ জিজ্ঞেস করলেন, জান্নাত-জাহান্নামের কথা স্মরণ করে তো আপনি এভাবে কাঁদেন না, কবর দেখে কাঁদেন কেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি:
الْقَبْرُ أَوَّلُ مَنْزِلٍ مِنْ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ
অর্থ: কবর আখিরাতের মঞ্জিলগুলোর প্রথম মঞ্জিল। এখান থেকে কেউ মুক্তি পেলে পরেরগুলো তার জন্য সহজ হয়ে যায়। আর এখানে মুক্তি না পেলে পরেরগুলো আরও কঠিন।
তিনি আরও বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, আমি কবরের চেয়ে ভয়াবহ কোনো দৃশ্য দেখিনি।-জামে তিরমিযী, হাদীস ২৩০৮
যে উসমান রা. জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, যিনি রুমা কূপ কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন, তিনি কবর দেখে কাঁদেন! তাহলে আমরা কোন সাহসে নিশ্চিন্ত বসে আছি?
সা‘দ ইবনে মুআয রা.-এর ঘটনা
যাঁর মৃত্যুতে আরশ কেঁপেছিল বলে হাদীসে এসেছে, সেই সা‘দ ইবনে মুআয রা.কেও কবর একবার চেপে ধরেছিল, তারপর ছেড়ে দিয়েছিল। মুহাদ্দিসীনে কেরাম বলেন, ঈমানদারের এই চাপ কঠিন আযাব নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা ও ঝাঁকুনি, তাই এমন মহান সাহাবীও এ থেকে মুক্ত থাকেননি। এতে আমাদের জন্য আছে বিরাট সতর্কবার্তা।
কবর যিয়ারত
মাঝে মধ্যে কবরস্থান যিয়ারতে যাওয়া উচিত। রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا، فَإِنَّهَا تُذَكِّرُكُمُ الْآخِرَةَ
অর্থ : আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা তা তোমাদের আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।-সহিহ মুসলিম, হাদিস ৯৭৭
কবরস্থানে গেলে একবার নিজের পরিণতির কথা চিন্তা করুন। আজ যারা সেখানে শুয়ে আছেন, তারাও একসময় আপনার মতোই জীবনের ব্যস্ততায় মগ্ন ছিলেন।
একটি কান্না, একটি দোয়া
প্রিয় ভাই ও বোন! আমরা আজ যে নরম বিছানায় ঘুমাই, একদিন তা ছেড়ে যেতে হবে। যে ঘরে হাসি-আনন্দে সময় কাটাই, সেখান থেকে একদিন নিঃশব্দে বেরিয়ে যাব। সেদিন সাথে যাবে না টাকা, না পদ, না সন্তান; যাবে শুধু আমল। তাই আজই ফিরে আসুন। হয়তো কাল আর সুযোগ হবে না।
হে আল্লাহ! আমাদের কবরকে জান্নাতের বাগানগুলোর একটি বাগান বানিয়ে দিন। কবরের অন্ধকার আলোয় ভরে দিন। মুনকার-নাকীরের প্রশ্নে আমাদের অবিচল রাখুন। আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদের ও আমাদের মা-বাবা, উস্তাদ ও সকল মুমিনকে ক্ষমা করুন। আমীন ইয়া রাব্বাল আলামীন।