রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে মহাসড়কে আগুন-অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিয়েছে পুলিশ

মোহাম্মদ খাইরুল আমিন • 03 নভেম্বর 2026, 07:04 সকাল • 46 বার পঠিত
গাজীপুরে মহাসড়কে আগুন-অবরোধ শ্রমিকদের, সরিয়ে দিয়েছে পুলিশ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় মোড়, কালিয়াকৈরের মৌচাক এলাকায় আগুন দিয়ে শ্রমিকরা অবরোধ করলেও তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কালিয়াকৈরের মৌচাক এবং সকাল সাড়ে ৯টার দিকে নাওজোড় মোড় এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় মোড়ে দিগন্ত সোয়েটার কারখানার সামনে অবরোধ করে শ্রমিকরা।

তারা গাড়ির পরিত্যক্ত টায়ার, পাশে থাকা বর্জ্য মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় এলাকার সড়কে অটোরিকশা, মোটরসাইকেলসহ যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় মহাসড়কে ক্রিকেট খেলতেও দেখা যায় শ্রমিকদের। তবে সেখানে উপস্থিত সাংবাদিকরা তথ্য, ছবি ও ভিডিও নেয়ার অনুরোধ করলে আন্দোলনরত শ্রমিকরা বাধা দেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকাল ৮টার কিছু সময় আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে।

তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়।

এছাড়া নাওজোড়ের অবরোধের বিষয়ে এসপি আমজাদ হোসাইন বলেন, “গাজীপুরে সড়ক অবরোধের ঘটনা নেই। তবে শ্রমিকেরা মহানগরের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই।”

যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।